বিনা প্রতিদ্বন্দ্বিতা ‘অস্বাভাবিক’ কিছু নয় : শাহনেওয়াজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:০৯
 
মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ না পাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
 
সোমবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
 
রবিববার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করেছে, নোয়াখালীর চাটখিল পৌরসভায় দলের মেয়র প্রার্থীসহ অন্য একজনকে জোর করে প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছে। এর আগেও বিএনপির পক্ষ থেকে তাদের ‘বহু প্রার্থীকে অস্ত্র দেখিয়ে সরিয়ে দেওয়ার’ অভিযোগ করা হয়েছে।
 
আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ছয় মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিছু কাউন্সিলর প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
উপজেলা ভোটে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো না; পৌর ভোটে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে- এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকারের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয় ‘অস্বাভাবিক’ কিনা-  জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, `আমাদের কাছে মনোনয়নপত্র জমায় বাধা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো অভিযোগ আসেনি। অনেক এলাকায় কেউ বেশি জনপ্রিয় হতে পারে, কেউ প্রার্থী হতে অনীহা প্রকাশ করতে বা কাউকে ছাড় দিতে পারে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘটতে পারে।'