অল্প সময়ে মজাদার খাবার তৈরি করতে ভালোবাসেন সব রাঁধুনী। সাধারণত এসব খাবার বাচ্চাদের আবদার মেটাতে বা অতিথি আপ্যায়নের জন্য তৈরি করা হয়। এমন ৪টি সুস্বাদু খাবারের রেসিপি দিয়েছেন জেসমিন আকতার জেসী
ক্যারট ডেজার্ট
উপকরণ :গাজর ৪টি কুঁচি, চিনি ১ কাপ, নোনতা বিস্কুট গুঁড়া ১ কাপ, বাদাম গুঁড়া ১ কাপ, নারকেলের গুঁড়া ১/২ কাপ।
ক্রিম তৈরি :ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১.৫ চামচ, চিনি ৫ টেবিল চামচ, ফ্রেশ মিল্ক ৮০০ মিলিগ্রাম, সাদা ভিনেগার ২ টেবিল চামচ।
প্রণালি :প্রথমে গাজর ও চিনি ৩/৪ কাপ দিয়ে ২০ মিনিট ভেজে নিন। এরপর চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা হলে বিস্কুটের গুঁড়া ও বাদামের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার সার্ভিং ডিসে একটু ঘি লাগিয়ে নারকেলের গুঁড়া দিয়ে এর ওপর গাজরের লেয়ার দিতে হবে। এবার একটি প্যানে ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, ফ্রেশ মিল্ক, সাদা ভিনেগার দিয়ে একটি ক্রিম তৈরি করে গাজরের লেয়ারের ওপর ঢেলে দিয়ে নারকেলের গুঁড়া ওপরে দিয়ে ২/৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিলে তৈরি হয়ে যাবে মজাদার ক্যারট ডেজার্ট।
চিকেন চপ উইথ সস
উপকরণ :আলু ৪০০ গ্রাম, মুরগির হাড়ছাড়া মাংস ২/৩ টুকরো, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, ডিম ১টি ফেটানো, লবণ ও টেস্টিং পাউডার স্বাদমতো।
প্রণালি :আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য লবণ, মরিচের কুঁচি ও পেঁয়াজ দিয়ে মেখে নিন ভালো করে। খেয়াল রাখবেন যাতে আলু দলা না থাকে। মুরগির হাড়ছাড়া মাংস সিদ্ধ করে নিন এবং সিদ্ধ মাংস হাতে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে নিন। একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, লবণ, টেস্টিং পাউডার ও এক চিমচি হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এতে ঝুরি করা মাংস দিয়ে দিন। মাংস কিছুটা ভাজি ভাজি হয়ে এলে নামিয়ে নিন। আলুমাখা সমান করে ২০টি অংশে ভাগ করে নিন। এরপর একটি অংশ নিয়ে হাতের তালুতে নিয়ে ভালো করে ময়ান করে মাঝে গোল করে নিন। মাঝের গোল অংশে মাংস দিয়ে আলু দিয়ে ঢেকে দিয়ে বলের মতো তৈরি করে নিন। খেয়াল রাখবেন মাংস যাতে বের না হয়ে যায়। ইচ্ছে হলে মাংস ঝুরির সঙ্গে চিজ কুঁচি দিয়ে দিতে পারেন। তবে লক্ষ রাখবেন, আলুর বল থেকে যেন বের না হয়ে যায়। এই গোল বলটি এবার হাতের আলতো চাপে একটু চেপ্টা করে চপের আকার দিয়ে দিন। ফ্রাইং প্যানে তেল গরম হতে দিন। তেল এমন ভাবে দেবেন যাতে ডুবো তেল না হয় আবার একবারে কম তেল না হয়। তেল গরম হয়ে এলে চপটি ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিন। এভাবে প্রতিটি চপ লালচে করে ভেজে তুলুন। এক কাপ ধোঁয়া ওঠা চা/কফির সঙ্গে সস দিয়ে গরম গরম মজা নিন এই চিকেন চপ উইথ সস।
জর্দা
উপকরণ :পোলাওয়ের চাল ২ কাপ, চিনি ১/২ কাপ, গোলাপ জল ২ চা চামচ, কেওড়া ২ চা চামচ, মাওয়া ৪ টেবিল চামচ, জর্দার রং সামান্য, এলাচ ৪টি। সাজানোর জন্য পেস্তাবাদাম, মাওয়া, চেরি।
প্রণালি :প্রথমে চাল সিদ্ধ করে ভাত রান্না করে ঠাণ্ডা করে নিন। কুঁচানো কিশমিশ, বাদাম ঘিয়ে ভাজুন। এবার অন্য একটি পাত্রে ঘি দিয়ে ভাতগুলো ছাড়ুন। এরপর চিনি ঘি, এলাচ, গোলাপ জল, কেওড়া ও জর্দার রং দিয়ে চুলায় বসান। মোরাব্বাগুলো দিয়ে দমে রাখুন। আধা ঘণ্টা পর ওপরে মাওয়া পেস্তাবাদাম কুঁচি, চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
মিনি পিত্জা
উপকরণ :পিত্জা ডোয়ের জন্য :কুসুম গরম পানি ১ কাপ, ময়দা ২.৫ কাপ, চিনি ১ বা ১/২ চা চামচ, অ্যাকটিভ ড্রাই ইস্ট ১.৫ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ।
পিত্জা টপিংসের জন্য :চিকেন সসেজ ছোট কিউব ১ কাপ, ক্যাপসিকাম ছোট কিউব কুঁচি ১ কাপ, পেঁয়াজ ছোট কিউব কুঁচি ১ কাপ, টমেটো সস ১ কাপ; অরিগানো, ড্রাইড বেসিল লিভস, পেপরিকা পাউডার ১/২ চামচ করে নিয়ে সবগুলো মিলিয়ে নিতে হবে।
ওপরে ডেকোরেশনের জন্য মোজরেলা চিজ ইচ্ছামতো।
প্রণালি :প্রথমে কুসুম গরম পানিতে চিনি, গুঁড়া দুধ, ইস্ট হালকা মিলিয়ে ঢেকে ১০ মিনিট রাখতে হবে। ১০ মিনিট পর মিশ্রণটি ফুলে উঠবে। এখন ময়দার মধ্যে লবণ, তেল দিয়ে মিলিয়ে নিয়ে ইস্টের মিশ্রণটি ঢেলে ভালো করে মথে নিন। মসৃণ একটি ডো হবে। এখন ডোটি ভালো করে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিতে হবে ২ ঘণ্টা। ২ ঘণ্টা পর ডো টি ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন আবার মথে নিয়ে বড় গোল করে বেলে ছোট ছোট পিত্জা কেটে নিতে হবে যেকোনো জাড়ের ঢাকনা, স্টিলের গ্লাস অথবা অন্য কোনো গোল জিনিস দিয়ে। ওভেনের ট্রেতে হালকা তেল ব্রাশ করে পিত্জাগুলো সাজিয়ে নিন। ১৬০ সেলসিয়াসে ওভেন প্রি-হিট করে ট্রেটি ওভেনে ১০ মিনিট রেখে দিন। বার করে ওপরে সস লাগিয়ে সসেজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, মজ্জারেল্লা চিজ ইচ্ছামতো দিয়ে ওপরে ১ চিমটি মতো গুঁড়া হার্বগুলো ছিটিয়ে ওভেনে মাঝের র্যাকে ১০-১৫ মিনিট বেক করতে হবে। ব্রেড কাঁচা থাকলে আরও কিছুক্ষণ বেক করে গরম গরম পরিবেশন করুন।
