নারিন্দায় মেসবাড়িতে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১১:০৬
ঢাকার নারিন্দায় মেসবাড়িতে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।   
 
বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন শহীদুল (২৭) মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান বলে ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন। 
 
বার্ন ইউনিটের নার্স ফয়সাল হোসেন জানান, শহীদুলের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
 
গত পাঁচদিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট দুইজনের মৃত্যু হলো। শাকিব (৩৫) নামের দগ্ধ আরেকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।    
 
গত ১০ ডিসেম্বর ভোরে নারিন্দা মোড়ের ‘হা-মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেস বাড়িতে ‘বাইরে থেকে ধরিয়ে দেয়া আগুনে’ তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে ধোলাইখালের লেদ ওয়ার্কশপ মালিক সুমন (৪০) ওইদিন দুপুরেই হাসপাতালে মারা যান।  
 
তার ছোট ভাই শাহাবউদ্দিন রাজন ওয়ারী থানায় একটি মামলা করেন। যাতে সুমনের কারখানার সাবেক কর্মচারী সোহাগ ও রাজীবকে আসামি করা হয়েছে।