বাগেরহাটে মংলা- খুলনা মহাসড়কে রামপালের বাবুরবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাস উল্টে রেজাউল করিম খান (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১০ যাত্রী। নিহত রেজাউল করিম খান বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের চান্দার আলী খানের ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজি জানান, দুপুরে খুলনা থেকে বাগেরহাটের মংলার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌঁছে সড়কের পাশে থাকা একটি পাথর স্তূপের উপর উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম নামে এক যাত্রী নিহত ও অন্তত ১০ যাত্রী কম বেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।
