ময়মনসিংহের মুক্তাগাছা থেকে হালিমা আক্তার (২০) নামে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলাবার সন্ধ্যায় শ্রীপুরমাইজহাটি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, চরআধপাকিয়া গ্রামের জানু শেখের মেয়ে (স্বামী পরিত্যক্তা) হালিমা খাতুন গত বুধবার রাতে পাশের এলাকায় ধর্মসভা শুনতে বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার বিকেলে শ্রীপুর গ্রামের দারুগার আড়া নামক স্থানে জঙ্গলের ভেতর এলাকাবাসী তার গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
হালিমা খাতুনের বড় বোন আনোয়ারা বেগম জানান, বিয়ের পর স্বামী তাকে ফেলে চলে যাবার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
