চট্টগ্রামে বিটিসিএল’র প্রায় সাড়ে ৪ হাজার ল্যান্ডফোন বিকল হয়ে পড়েছে। গত এক সপ্তাহ যাবত্ বিকল হওয়া এসব নেটওয়ার্ক চালু করতে স্থানীয় প্রকৌশলীরা চেষ্টা করেও সক্ষম হয়নি। সীমাহীন ভোগান্তিতে পড়েছে এসব ল্যান্ডফোনের গ্রাহকরা। ২৫৫ ডিজিটের নেটওয়ার্কের সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিটিসিএল’র কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিঃ (বিটিসিএল)-এর ৫টি এক্সচেঞ্জ রয়েছে। এর মধ্যে মুরাদপুর এক্সচেঞ্জে ২৫৫ ডিজিটের নম্বর রয়েছে। এই এক্সচেঞ্জের আওতায় রয়েছে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, নাসিরাবাদ, শুলকবহর, খুলশি, কাতালগঞ্জ এলাকা। ২০০৪ সালে কোরিয়ান টেলিকম কোম্পানির মাধ্যমে ২৫৫ ডিজিটের সংযোগগুলো গ্রাহকদের প্রদান করা হয়। দশ বছর পর এই নেটওয়ার্কে কারিগরি ত্রুটি দেখা দেয়। বিটিসিএল মুরাদপুর এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, গত ৭/৮ দিন যাবত্ ২৫৫ ডিজিটের নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা অভিযোগ করতে থাকে। পরবর্তীতে বিটিসিএল’র নিজস্ব প্রকৌশলীরা নেটওয়ার্ক সচল করতে চেষ্টা করেও সক্ষম হয়নি।
বিটিসিএল চট্টগ্রাম জোনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তমাল নন্দী ‘ইত্তেফাক’কে বলেন, ‘কোরিয়ান টেলিকম এই নেটওয়ার্কের কাজ করেছিলো। আমাদের নিজস্ব প্রকৌশলীরা অনেক চেষ্টা করেছে। কিন্তু তারা ত্রুটি চিহ্নিত করতে পারেনি। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোরিয়ান টেলিকমের সাথে যোগাযোগ করা হচ্ছে। বিকল হওয়া নেটওয়ার্কে কোনো গ্রাহক চাইলে আমরা বিনা খরচে ৬৫ ডিজিটে কনভার্ট করে দিচ্ছি।’
