বিলুপ্ত ছিটমহলে বিজয়ের আনন্দ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৩:৫০
 
দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তির পর প্রথমবারের মতো বিজয় দিবস পালন করছে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। সকাল থেকে এসব এলাকায় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করছে।
 
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সকালে নতুন বাংলাদেশি নাগরিকেরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করে উত্সবের আনুষ্ঠানিকতা। তার আগে প্রথমবারের মতো সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। এরপর বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
 
র্যালি শেষে কলাগাছ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয় শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। পরে সাবেক ছিটমহলের শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় নানাবিধ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
 
এদিকে লালমনিরহাটের সদ্যবিলুপ্ত ৫৯টি ছিটমহলের নতুন বাসিন্দারা মহান বিজয় দিবস মহাধুমধামে পালন করছে।
 
লালমনিরহাট সদর উপজেলার অভ্যন্তরের সদ্যবিলুপ্ত ১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহলে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত গেয়ে বাঁশপচাই ঈদগাহ মাঠে কাপড়ের তৈরি অস্থায়ী শহীদ মিনারের পাশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুভসূচনা করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
 
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রীতিভোজেরও আয়োজন করা হয়। অন্যদিকে, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিলুপ্ত ছিটমহলগুলোতেও মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে।