চট্টগ্রাম মহানগরীর জামায়াত শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের পর পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ৭০ জনকে আটক করেছে।
বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র্যাব এবং পুলিশ কলেজ ক্যাম্পাস এবং ছাত্রাবাসে এই অভিযান চালায়।
এর আগে দুপুর সোয়া ১২টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ এবং শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট এই সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ জানান, ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শিবিরের নেতা-কর্মী সন্দেহে ৭০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হচ্ছে।
