মঠবাড়িয়ায় ৮ হরিণের চামড়াসহ ২ পাচারকারী আটক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ২২:২৯
 
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর থেকে ৮টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
বুধবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- মঠবাড়িয়া থানাপাড়ার মো. আলম মৃধার ছেলে মো. মিরাজ মৃধা (২৭) ও বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি গ্রামের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে মো. হালিম হাওলাদার (৩৮)।
 
র‌্যাব-৮ এর সহকারী পরিচালক মেজর শিশির জানান, গোপন খবরের ভিত্তিতে  র‌্যাব-৮ এর একটি টহলদল থানাপাড়ার মিজান মৃধার ঘরে অভিযান চালায়। এ সময় সুন্দরবন থেকে নিয়ে আসা ৮টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ চামড়াগুলো হালিম বিক্রির উদ্দেশে তার বাড়িতে জমা করেছিল।