কুমিল্লায় বাসচাপায় নিহত ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৩:০০
কুমিল্লার চান্দিনার কাঠেরপুলে যাত্রীবাহী একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আবদুর রহিম মিয়া (৪৫) ও প্রেমু গ্রামের মফিজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২)।
 
ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, দেবীদ্বার উপজেলার বরকামতা থেকে চান্দিনা বাসস্ট্যান্ডে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। অটোরিকশাটি ফাঁড়ি রাস্তা ছেড়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। এ সময় দুর্ঘটনাস্থলেই আবদুর রহিম মিয়া নিহত হন। পরে কুমিল্লা ইস্টার্ন হাসপাতালে নেয়ার পর আরও ১ জনের মৃত্যু হয়।