বিএনপির প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৫
 
নাটোর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নির্বাচনী প্রচারণায় বাধাদান ও পোস্টার ছেঁড়াসহ প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার জলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐ প্রার্থী এই অভিযোগ করেন।
 
লিখিত বক্তব্যে মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এবারে নাটোর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি কমিশনের নিয়ম-কানুন মেনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণার কাজ করতে গিয়ে প্রায়ই সরকার দলীয় কর্মী-সমর্থকদের বাধার সম্মুখীন হচ্ছেন।
 
তিনি বলেন, বুধবার বিকেলে দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিনি বলারীপাড়ায় গণসংযোগ করতে গেলে স্থানীয় যুবলীগ নেতা মানিকের নেতৃত্বে সাত থেকে আটজন সন্ত্রাসী তাকে ভয়ভীতি দেখিয়ে তাত্ক্ষণিক সেখান থেকে চলে যেতে বলেন। আগামীতে আর কখনো সেখানে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয়। বিকাল পাঁচটার দিকে বড়হরিশপুরে শের-ই-বাংলা হাই স্কুল এলাকায় গণসংযোগ শুরু করলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল বহর নিয়ে সেখানে হাজির হয়। তারা তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে তাত্ক্ষণিক এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করে।
 
মেয়র প্রার্থী আরো অভিযোগ করে বলেন, এর আগে পিটিআই এলাকাতে গণসংযোগের সময়ে যুবলীগের সন্ত্রাসীরা তার কাজে বাধা দিয়ে তাত্ক্ষণিক এলাকা ছাড়তে বাধ্য করে। শহরের বিভিন্ন এলাকায় তার পোস্টার লাগাতে না দিয়ে বরং লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে।
 
এদিকে এব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুণ জানিয়েছেন, নাটোর পৌরসভার মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন ঠিকাদার মানিকের কাজের টাকা পরিশোধ না করে উঠিয়ে খরচ করার প্রতিবাদ করায় তিনি মিথ্যাচার করে সংবাদ সম্মেলন করেছেন।