গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৩৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, ফরিদপুর সদর উপজেলার আব্দুল খালেকের স্ত্রী আছিয়া বেগম (৬০) ও চালক একই এলাকার সাহাজদ্দিন ফকিরের ছেলে বিল্লাল ফকির (৩৫)। নিহত আছিয়ার স্বামী আব্দুল খালেক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় একটি মাহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া বেগমের মৃত্যু হয়। এ সময় আছিয়ার স্বামী আব্দুল খালেক ও গাড়ির চালক বিল্লাল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে পৌঁছানোর পর বিল্লালের মৃত্যু হয়। আব্দুল খালেককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।