দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২১:৫৩
 
আসন্ন পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় এ নির্দেশনাটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে-পৌরসভা নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনি থানার ওসি এবং মৌলভীবাজার জেলার কুলাউরা থানার ওসিকে তাত্ক্ষণিকভাবে নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ হেড-কোয়ার্টারে বদলি করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ওই দুই থানায় উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্যও বলা হয়েছে।
 

ইসির সংশ্লিষ্টরা বলছেন, পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তার অনিয়মের বিষয়ে ওই দুই কর্মকর্তার নামে বিভিন্ন সময় আসা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এর আগে একই অভিযোগ চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল ইসি।