পৌরসভায় সুষ্ঠু ভোটের আশ্বাস নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে দেয়া হলেও নিজের এলাকা শরীয়তপুরের নড়িয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী।
বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেই নড়িয়া পৌরসভায় তার দলের দুই ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হন।
শওকত আলী অভিযোগ করেছেন, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ক্ষমতাসীন দুই বিদ্রোহী প্রার্থীর দাপটে কোনঠাসা হয়ে পড়েছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হায়দার আলী ।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা অহরহ আচরণ বিধি লংঘন করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছি।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এরা হলেন- শহিদুল ইসলাম বাবুল ও মোসলেম উদ্দিন। ফলে কোনঠাসা অবস্থায় পড়েছে নৌকা প্রতীকের প্রার্থী। অপর বিএনপির একক প্রার্থী সোহেল বেপারি।
এমপি শওকত আলী জানান, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মটর সাইকেল নিয়ে মহড়া দেয়া হচ্ছে। আচরণবিধি হরদম লঙ্ঘিত হচ্ছে, অস্থির অবস্থা, ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এসব করছেন। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে তা বুঝতে পারছি না। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তাই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাইতে ইসিতে এসেছি বলে জানান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও এমপি শওকত আলী।
তিনি বলেন, সিইসির সঙ্গে সাক্ষাত করে তার কাছে অভিযোগটি জানাতে এসেছিলাম। ওনি (সিইসি) মিটিংয়ে ব্যস্ত থাকায় সাক্ষাত সম্ভব হলো না। তাই অভিযোগটি ডেসপাসে দিয়ে গেলাম
তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী এবং তার কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণায় গেলে বিদ্রোহী প্রার্থীর লোকজন ধাওয়া ও হামলা চালাচেছন। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। এগুলো কমিশনের নিজ উদ্যোগে দেখা উচিত বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির এবং তার অভিযোগ এক নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন, ওনারা ঢালাও অভিযোগ করছেন এবং তার অভিযোগ মাত্র একটি পৌরসভা নিয়ে।
উল্লেখ্য, সারাদেশের ২৩৪ পৌরতে ভোট হবে আগামী ৩০ ডিসেম্বর। এখন চলছে প্রার্থীর প্রচার-প্রচারণা। আগামী ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে। এ নিয়ে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ হাজারের মত প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
