মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে চাচা-ভাতিজা এবং স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর প্রার্থী চাচা-ভাতিজা। এ ওয়ার্ডে একই বাড়ি থেকে চাচা সোহরাব আলী আর ভাতিজা মোস্তাফিজুর রাহমান মোস্তফা প্রার্থী হওয়ায় নিজ বাড়ির ভোটাররাই বেকায়দায় পড়েছেন। চাচা সোহরাব আলী গত নির্বাচনে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে ১নম্বর প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। কাউন্সিলর প্রার্থী চাচা-ভাতিজা পরস্পর বিরোধী রাজনৈতিক দলের সমর্থক।
অপরদিকে ৭ নম্বর ওয়ার্ডে মির্জা আবুল কালাম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটযুদ্ধে নেমেছেন তার স্ত্রী আছমা আক্তার। আবুল কালাম ইতিপূর্বে ৩ বার এবং আছমা ২বার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। পৌরসভা নির্বাচনে আবারও যুদ্ধে নেমেছেন দম্পতি। গত নির্বাচনে স্বামী হারলেও জয়ী হয়েছেন স্ত্রী।
এদিকে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান মতি এবারের নির্বাচনে নিজেকে বিজয়ী করতে রীতিমত চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। তার স্ত্রী আজিজা রহমান উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। মতিউর রহমান ইতিপূর্বে ৪ বার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন।
