সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
শুক্রবার সকালে উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা নতুনপাড়া থেকে তোরাব আলীর (৫৪) লাশ উদ্ধার করা হয়।তোরাব ওই এলাকার মৃত ইনসাব আলী প্রমাণিকের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
উল্লাপাড়া থানার এসআই জুলহাস উদ্দিন জানান, ব্যবসার কাজে ময়মনসিংহ যাওয়া জন্য বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হন তোরাব। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি সরিষা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
