হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ আহত অবস্থায় পাঁচ ডাকাতকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে জেলা সদর উপজেলার মাহমুদপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ ও ডাকাত সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, রাত নয়টায় ১০/১২ জনের একদল ডাকাত সদর উপজেলার মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নেয়। ডিবি পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে সাত পুলিশ সদস্য আহত হন। এরা হচ্ছেন, এসআই সুদীপ রায়, এসআই ইকবাল বাহার, আব্দুল করিম, মুসলিম, আব্দুল হালিম, শাহীন আলম ও শহিদুল ইসলাম। আহত অবস্থায় ডাকাত চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ফজল আলী (৩০), সাটিয়াজুড়ি গ্রামের লিটন মিয়া (২০), বি-বাড়িয়া জেলার আখাউড়া গ্রামের রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের সফিক মিয়া (২৫) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের সায়েদ আলীকে (৩৫) আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, চারটি রামদা ও তিন রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায় বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেছেন।
