চাঁদপুরে বিএনপি প্রার্থীর ভাইকে জরিমানা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৮
আচরণবিধি ভঙ্গ  করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে চাঁদপুরের কচুয়া পৌরসভায় বিএনপি প্রার্থীর ভাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল হক জানান, শুক্রবার দুপুরে কচুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেয়া হয়।
 
দণ্ডিত মো.শাহজাহান প্রধান (৪৫) বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির প্রধানের ছোট ভাই।
 
পুলিশ পরিদর্শক শামসুল হক বলেন, শুক্রবার দুপুরে শাহজাহান  ভাই হুমায়ুনের পক্ষে মিছিল বের করলে তাকে আটক করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
 
পরে হুমায়ুন কবির টাকা পরিশোধ করে ভাইকে নিয়ে যান।