আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলমের ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলিসহ গোপালপুর রেল গেট এলাকায় লোক সমাবেশ করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়।
নির্বাচনী এলাকায় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম বিষয়টি আমলে নিয়ে মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির বিরুদ্ধে এ রায় দেন।
