ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সোয়া চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে। শনিবার সকাল সোয়া নয়টার দিকে কুয়াশা কমে গেলে মাঝ নদীতে নোঙর করে থাকা যাত্রী ও যানবাহন বোঝাই পাঁচটি ফেরি গন্তব্যে পৌঁছে।
এর পরপরই অন্য ফেরিগুলো চালু করে অগ্রাধিকার ভিত্তিতে উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া চার শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন পারাপার করা হচ্ছে।
এর আগে ভোর পাঁচটার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হলে দুর্ভোগে পড়েন শত শত যাত্রীসহ যানবাহন শ্রমিক।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি ও ফগ লাইটের আলো অষ্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল সোয়া নয়টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
