ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১০:২৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ট্রাকচাপায় রানা আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
রানা কুষ্টিয়ার দৌলতপুর থানার আব্দুলপুর গ্রামের আসানুল হকের ছেলে। তিনি কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
 
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে রানা তার সহকর্মীকে নিয়ে মোটরসাইকেল যোগে কালিয়াকৈর বাইপাস এলাকায় তার কারখানায় রওনা হন। সকাল সোয়া ৮টার দিকে চন্দ্রা এলাকায় পৌঁছালে গাজীপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে।