সৈয়দপুর পৌর নির্বাচনী প্রচারণায় একই পথ সভায় অংশ নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীরা। আর এ নিয়ে শহরে আলোচনার ঝড় বইছে। শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের পৌর ১০ নম্বর ওয়ার্ডের পানি ট্যাংকি এলাকায় নির্বাচনী প্রচারণায় এমন দৃশ্য দেখা গেছে।
ওই পথ সভায় প্রার্থীরা বলেন, 'আমরা আওয়ামী লীগ কিংবা বিএনপি বুঝি না। এলাকার উন্নয়নের স্বার্থে জনগণ যাকে রায় দেবে সেটাই আমরা মাথা পেতে নিব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তাই মিলে মিশে এক হয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করছি। ভোটারদের রায়ের অপেক্ষায় আছি।'
সৈয়দপুর পৌরসভার মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সাধারণ কাউন্সিলর পদে আব্দুল লতিফ সরকার, সংরক্ষিত নারী মোছা. শবনম পারভীন, পৌর যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও বর্তমান কাউন্সিলর প্রার্থী কাজী হায়দার আলী, ডা. আরশাদ আলীসহ অন্যান্য প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
