গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় জনতা স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত্যু মানিক মিয়ার মেয়ে মাজেদা বেগমের সাথে দেওডোবা গ্রামের শুকুর আলীর ছেলে আশরাফুলের দীর্ঘদিন আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। মাঝে মধ্যে আশরাফুল তার স্ত্রী মাজেদাকে মারধর করতেন। এদিকে গত ৬ মাস আগে আশরাফুল ও মাজেদার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। মাসুদ মিয়া নামের ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান থাকায় তারা পুনরায় দাম্পত্য জীবন শুরু করে। সম্প্রতি আশরাফুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। গত ১৫-২০ দিন আগে গোপনে তাকে বিয়ে করেন। বিয়ের খবর জানাজানি হলে দু’জনের মধ্যে আবারও কলহ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, গত শুক্রবার সারাদিন মাজেদাকে বাড়িতে দেখতে পায়নি তারা। পরে তাকে অসুস্থ্য অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখে গ্রাম ডাক্তারকে খবর দিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরে স্থানীয় জনতা তার স্বামী আশরাফুলকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবদুল ওয়াহেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। এ ব্যাপারে মাজেদার মামা খবির উদ্দিন বাদী হয়ে স্বামী আশরাফুলসহ ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেছে।
