ফরিদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৭:১৪
 
ফরিদপুর সদরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর শিবরামপুর এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত প্রাইভেটকার চালকের পরিচয় পাওয়া যায়নি। এ সময় চারজন আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন জানান, দুপুর ১টার দিকে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হন বলে জানান তিনি।
 
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ওই এলাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দুদিকে কয়েকশ যানবাহন আটকা পড়ে। একঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।