নির্বাচনী প্রচারণায় কদর বেড়েছে নারী কর্মীদের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৩১

চাটমোহর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় কদর বেড়েছে নারী কর্মীদের। তাঁরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। নারী কর্মীদের কেউ কেউ প্রচারণার জন্য পারিশ্রমিক পান। আবার অনেকেই আত্মীয়তার সূত্রে ও দলীয় টানে প্রচারণায় নেমেছেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রচারণায় নারী কর্মীর সংখ্যা ততই বাড়ছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার কাজ করছেন এসব পরিবারের পুরুষ ও নারীরা।


নারী কর্মীরা দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। তাঁরা বলেন, শারীরিক পরিশ্রম কম হওয়ায় মজুরি অন্যান্য কাজের চেয়ে কিছু কম হলেও তাঁরা ভোটের প্রচারণার কাজ বেছে নিয়েছেন।


মেয়র পদে প্রচারণার কাজে ব্যস্ত মর্জিনা বেগম বলেন, ‘সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ প্রার্থীর প্রতীক পৌঁছে দিয়ে ভোট চাইছেন। এ জন্য তাঁকে প্রতিদিন ১০০ টাকা করে দেওয়া হয়’।


মেয়র প্রার্থী প্রফেসর আ. মান্নান জানান, তাঁর নির্বাচনী প্রচারণায় নিজেদের নারী আত্মীয়-স্বজন প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি কিছু টাকার বিনিময়ে নারী কর্মীরা তাঁর নির্বাচনী প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। নারী কর্মীরা বাসা বাড়িতে ঢুকে প্রচারকাজ চালাতে পারেন এ জন্য নির্বাচনী প্রচারে নারী কর্মীদের কদর বেড়েছে। চাটমোহর পৌর এলাকায় সব প্রার্থীই কমবেশি নারী কর্মীদের দিয়ে প্রচার চালাচ্ছেন।