সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের পর দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে মা-ছেলেসহ অন্তত চার জন আহত হয়েছে।
শনিবার ডেন্ডাবর এলাকায় আর এন গামের্ন্টস লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে ভবন মালিক ও পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন রাজিয়া খাতুন (২৮), তার দুই মাস বয়সী শিশু সন্তান রাবীব হাসান, কারখানার বয়লার অপারেটর মো. ফয়েজ (৫৫) ও পথচারী কামাল হোসেন (১৮)।
রাজীয়া ও তার ছেলেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দুজনকে স্থানীয় হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, ছয় তলার ভবনের তৃতীয় তলায় পোশাক কারখানায় দুপুরে কাজ করার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় ওই ফ্লোরের উত্তর ও দক্ষিণ পাশের দেয়াল পাশের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে।
এ ঘটনার পর কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ কি না তা প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন।
ভবনের মালিক রহিম উদ্দিন জানান, দুপুরে হঠাৎ ছয়তলা ভবনের তিন তলায় গার্মেন্টসের বয়লার বিস্ফোরণ হয়ে দুই পাশের দেয়াল ভেঙ্গে একটি বাড়ির উপরে পড়ে। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা এক শিশু ও তার মাসহ অন্তত ৪ জন আহত হয়।
বয়লার বিস্ফোরণ ও দেয়াল ধসের ঘটনার পরপরই ওই কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। ফলে কোনো গণমাধ্যমকর্মী ভিতরে প্রবেশ করতে পারেননি।
