চট্টগ্রামের কাঁচাবাজারেও বসল সিসিটিভি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২০:৩৮
 
চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও একটি মাজারের পর এবার নগরীর একটি কাঁচাবাজারেও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে।
 
শনিবার বিকালে নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে মেয়র আ জ ম নাছির উদ্দিন সিসিটিভি বসানোর এই কার্যক্রমের উদ্বোধন করেন।
 
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচা বাজারটির ইজারাদার কমিটি ‘নিরাপত্তার স্বার্থে’ ১৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।
 
সিটি করপোরেশন মেয়র নাছির বলেন, প্রতিটি ব্যবসা কেন্দ্র, আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে স্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। ইতোমধ্যে নগরীতে অপরাধ প্রবণতা কমেছে।
 
এ সময় মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ এসময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।
 
গত ১১ ডিসেম্বর নগরীর শাহ আমানত মাজারে বসানো আটটি সিসি ক্যামেরা উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার আব্দুল জলিল মণ্ডল। এছাড়া ৩ নভেম্বর নগরীর বাকলিয়া থানার সুবর্ণ আবাসিক এলাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু হয়।