প্রয়োজন হলে আরো শক্তি ব্যবহার করবে রাশিয়া: পুতিন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১১:১০
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়াতে রাশিয়া তার শক্তির তুলনায় অনেক কম সামরিক শক্তি ব্যবহার করেছে। প্রয়োজন হলে আরো শক্তি ব্যবহার হবে বলে উল্লেখ করেন তিনি।
 
সিরিয়া-অভিযানে রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে পুতিন বলেন, আমাদের অন্য জিনিসও (সামরিক) আছে। প্রয়োজন হলে তা ব্যবহার করব।  সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সমঝোতার একদিন পরে তিনি এই কথা বলেন। গত সেপ্টেম্বরে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। 
 
এছাড়া বেশ কয়েক বার জাহাজ থেকেও সিরিয়ার ‘লক্ষ্যবস্তুতে’ হামলা করে রাশিয়া। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ পাঁচ বছরে পা রাখছে। এই যুদ্ধে এখন পর্যন্ত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে কমপক্ষে ৪০ লক্ষ মানুষ। নিরাপত্তা পরিষদের ওই সমঝোতায় সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার কথা বলা হলেও  আসাদের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলা হয়নি। রাশিয়া আসাদকে সমর্থন করলেও নিরাপত্তা পরিষদের অন্য তিন স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য তার অপসারণ চায়।  বিবিসি।