বাস টার্মিনালে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে কিশোরগঞ্জে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করে। ধর্মঘটের কারণে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তজেলা বাস টার্মিনাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গাইটাল এলাকা শফিকুল ইসলাম মানিক কিছুদিন ধরে তার মালিকানাধীন বাস অবৈধভাবে চালানোর সুযোগ দেয়ার জন্য মালিক ও শ্রমিকনেতাদের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। এর জের ধরে শনিবার গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। ওই সময় মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে দুর্ব্যবহারও করে বলে খবর পাওয়া যায়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকা হয়।
