গা ঢাকা দিয়ে কৃষকের অপহরণ নাটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৭:২৫
নীলফামারীর ডোমার উপজেলা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ১৩ দিন পর ঢাকার গাজীপুরের চন্দ্রা থেকে কৃষক আব্দুল মান্নান (৫০) উদ্ধার হলেন।
 
রবিবার দুপুরে ওই কৃষক উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। এর আগে শনিবার বিকেলে তাকে উদ্ধার করে পুলিশ।
 
আদালতে ওই কৃষক জানায়, তিনি দুই লাখ টাকা দেনাদার ছিলেন। পাওনাদারের চাপে গা ঢাকা দিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। এরপর পরিবারের কাছেই সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার এসআই ফজলুল হক জানায়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে গাজীপুরের চন্দ্রা থেকে তাকে উদ্ধার করা হয়।
 
উল্লেখ, ৬ ডিসেম্বর ডোমার উপজেলার হরিনচড়া গ্রামের বালাপাড়া গ্রামের আব্দুল মান্নান নিখোঁজ হন। পরের দিন সকালে তার বাইসাইকেল, পরনে থাকা সার্ট, গেঞ্জি, লুঙ্গি ও বাজার খরচের ব্যাগ গ্রামের অদূরে একটি বাঁশঝাড় থেকে পুলিশ উদ্ধার করে। এরপর তার শ্যালক খাদেমুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।