পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিএনপির নিয়মিত সমালোচনাকে ‘অযথা দোষারোপ’ বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
সেই সঙ্গে জনপ্রতিনিধিদের আচরণবিধি অনুসরণে সরকার প্রধানের হস্তক্ষেপও চেয়েছেনে তিনি।
রবিবার শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সরকার দলীয় মন্ত্রী-সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে শাহনেওয়াজ বলেন, ‘আমরা বলব, যারা সরকারের আছেন, তারা অন্যদের চেয়ে বেশি দায়িত্বশীল হবেন এটাই আশা করব।’
মন্ত্রী-এমপিদের উদ্দেশে শাহনেওয়াজ বলেন, ‘আপনাদের মাধ্যমে বলব, সরকারে যারা আছেন, তারা যেন আমাদের সহযোগিতা করেন। আমাদের যেন অপ্রস্তুত না করেন এবং নিজেরাও যেন অপ্রস্তুত না হন।’
বিএনপির পক্ষ থেকে শনিবারও অভিযোগ করা হয়েছে- ইসি পক্ষপাতিত্ব ভূমিকা পালন করছে, পৌর ভোটে নির্বাচন কমিশন ও সরকার ‘পার্টনারশিপ’ হয়ে কাজ করছে।
এমন অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ বলেন, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি, বিভিন্ন সময় নিরপেক্ষতা বজায় রাখতে চরম চেষ্টা করে গিয়েছি; এখনও করছি। এরপরও কোনো দল অভিযোগ করলে তাদের ব্যক্তিগত ব্যাপার।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে- যারা চাপ সৃষ্টি করতে চায়, তারা অযথা নির্বাচন কমিশনকে দোষারোপ করার চেষ্টা করে। তারা মনে করে নির্বাচন কমিশন চাপে পড়বে। আমরা বলতে চাই, আমরা কোনো ধরনের চাপ সহ্য করব না। আমরা আমাদের মতই চলব।
