সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৯:০২
‘ক্ষমতার অপপ্রয়োগ’ করায় সাতক্ষীরার কলারোয়া পৌর ভোটের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাকে।
 
বরখাস্ত হওয়া আবুল হোসেন খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ছিলেন।
 
রবিবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, এবার পৌর ভোটে কোনো রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্তের ঘটনা এটিই প্রথম।
 
ইসির জনবল ব্যবস্থাপনার জ্যেষ্ঠ সহকারি সচিব সাবেদ উর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ও আইনবহির্ভূতভাবে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের মেয়র পদের মনোনয়নপত্র নেন। এ মনোনয়নপত্র বাছাইয়ের সময় তা বৈধ ঘোষণা করে সরকারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ করেছেন। এজন্যে তাকে সরকারি কর্মচারী আপিল বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হল।