সাভারে অপহৃত রাজমিস্ত্রী উদ্ধার, পুলিশসহ আটক ৩

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ২০:৫৪
 
সাভারের আশুলিয়ায় অপহৃত এক রাজমিস্ত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। রবিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর থেকে কাজল ওরফে মোহাম্মদ আসাদুলকে (৩২) উদ্ধার করা হয়। এ সময় অপহরণের জড়িত এক পুলিশ কনস্টেবলসহ তিন জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মাহফুজা খাতুন এ খবর জানান।
 
আটককৃতরা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানি থানার পারুলিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (৩২)। জামালপুর সদর থানার মাঝপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে তারা মিয়া (৫৪) ও পাবনা সদর থানার কাচারিপাড়া গ্রামের ফজলু শেখের ছেলে লিটন মিয়া (৩৬)।
 
এদের মধ্যে তারিকুল পুলিশের কনস্টেবল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার অপারেটর পদে কর্মরত বলে র‌্যাব কর্মকর্তা। আটকদের কাছ থেকে একটি হাতকড়া, একটি মোটরসাইকেল, একটি কাঁচি ও ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
 
র‌্যাব কর্মকর্তা মাহফুজা বলেন, শনিবার বিকাল তিনটার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে রাজমিস্ত্রী কাজলকে অপহরণ করে নিয়ে যায় এই তিনজন। পরে কাজলের পরিবারের কাছে তারা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবারের অভিযোগ পেয়ে মোবাইল ট্র্যাকিং করে রবিবার দুপুরে ডেন্ডাবর মধ্যপাড়ার আনোয়ার হোসেনের বাড়ির একটি টিনের ঘর থেকে কাজলকে উদ্ধার করা হয়।