রাজশাহীর প্রাকৃতিক হিমাগারে নতুন প্রকল্পের উদ্বোধন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ২২:২৭
রাজশাহী তথা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত বিদ্যুৎবিহীন প্রাকৃতিক হিমাগারের মানোন্নয়নে নতুন ‘গবেষণা প্রকল্পে’র উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার সকালে মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেন। প্রধান অতিথি আল-আরাফা ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদ-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহমদ খান ও রাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম রফিউল ইসলাম।
 
আল-আরাফা ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তায় ৯০ দিনে প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে প্রাকৃতিক হিমাগারের প্রতিষ্ঠাতা অধ্যাপক মনজুর হোসেন জানান।
 
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শাক-সবজির পাশাপাশি আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, গাঁজর ও আম ইত্যাদি কোনো রাসায়নিক ছাড়াই তিন থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এ প্রকল্পের অধীনে সংরক্ষণাগারে ইথিলিন ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় আম তিন মাস, গাঁজর ছয় মাস, টমেটো তিন মাস সংরক্ষণ করা যাবে।
 
উল্লেখ্য, ড. মনজুর হোসেনের পরিকল্পনায় ২০১৪ সালে শাক-সবজি ও ফলমূল সংরক্ষণে রাজশাহী তথা বাংলাদেশে প্রথম বিদ্যুৎ-বিহীন ‘প্রাকৃতিক হিমাগার’টি উদ্ভাবন করা হয়। ওই বছরের পাঁচ ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।