রাজধানীর কাফরুলে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৯:৪০
রাজধানীর কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুরের একটি বাসা থেকে শামরিনা সুলতানা রুনা (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সধানন্দ বৌদ্ধ বলেন, 'খবর পেয়ে ৯৩৭ দক্ষিণ ইব্রাহিমপুরের একটি ৬তলা ভবনের ষষ্ঠতলা থেকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
 
নিহত নারীর বড় বোন রোজিনা সুলতানা বলেন, 'দক্ষিণ ইব্রাহিমপুরের ওই বাড়িটি আমার বাবার। ওই বাড়ি ৬ষ্ঠ তলায় আমার বোন একটি মেয়েকে সাবলেট নিয়ে থাকতেন। রাতে ওই মেয়েটি আমাকে ফোন দিয়ে বলে কে বা কারা যেন শামরিনাকে মেরে রক্তাক্ত করে রেখে গেছে। এরপর আমরা ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।'
 
এ ঘটনায় রাতেই থানয় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।