মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে পথচারীদের গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ছিনতাইকারী সন্দেহে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
ভূক্তভোগীরা জানায়, রাত ৯ টার দিকে সদর উপজেলার আমঝুপি থেকে যাত্রী বোঝায় একটি নছিমন গাংনী উপজেলার যুগিন্দা-পোড়াপাড়ার দিকে যাবার পথে ইসলামনগর মাঠের মধ্যে ৪-৫ জনের একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে মোটরসাইকেল ও নছিমনের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা গাংনী উপজেলার ঢেপা গ্রামের হারু মিয়ার ছেলে এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাশার তাপসের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা, যুগিন্দা গ্রামের মোখলেছুর রহমানের ১০ হাজার টাকা, ইসলামনগর গ্রামের নূর হোসেনের একটি মোবাইল ও ৩ হাজার টাকা, একই গ্রামের বাশারের ২ হাজার ২শ’ টাকা ও আমঝুপি গ্রামের রিপনের ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে এলাকা ত্যাগ করে।
এ ঘটনার পর ছিনতাইকারী সন্দেহে গ্রামবাসী ভূক্তভোগিদের দেয়া তথ্যমতে আমঝুপি গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ি ঘেরাও করে তার ছেলে তরিকুলকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনা স্থলে যায়। রাত ১০ টার দিকে আমঝুপি গ্রাম থেকে তরিকুলকে আটক করে মেহেরপুর থানা পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'তরিকুল ছিনতায়ের সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।'
