টাঙ্গাইলের বাসাইলে ট্রাক চাপায় আতাউর রহমান (৫৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে। তিনি বাসাইল থানায় কর্মরত ছিলেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহাম্মদ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাটখাগুড়ি এলাকায় রাত দেড়টার দিকে পুলিশ কনস্টেবল আতাউরসহ অন্য পুলিশ সদস্যরা মহাসড়কে যান চলাচলে সহযোগিতা করছিল। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক বালু ভর্তি ট্রাককে ধাক্কা দিলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আতাউর। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
