নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন : নোমান

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:২৩

 

বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান বলেছেন, পৌর নির্বাচনে কোনো প্রকার ষড়যন্ত্র হলে জনগণের রোষানলে পড়বে সরকার। জনগণকে সঙ্গে নিয়ে শুরু হবে সরকার পতনের আন্দোলন।

 

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লার চান্দিনায় দলীয় কার্যালয়ে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

আবদুল্লাহ আল নোমান বলেন, বিগত দিনে জনগণ অনেক স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে। তাদের পতন হয়েছে। জনগণের রোষানলে পড়লে এই সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে।

 

নোমান বলেন, বর্তমান সরকার শাসনামলে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তারা এ পর্যন্ত জাতিকে কোনো সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। আর এ নির্বাচনেও যদি একইভাবে কারচুপি হয় তাহলে তার পরিণাম ভয়াবহ হবে।

 

আবদুল্লাহ আল নোমান ও জয়নুল আবেদীন ফারুক চান্দিনার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খাঁনসহ সব কাউন্সিলর প্রার্র্থীদের পক্ষে কাজ করার আহ্বান।

 

চান্দিনা পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির উপদেষ্টা আবদুল করিম মাস্টার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, চান্দিনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

 

পরে তারা চান্দিনা বাজারের বিভিন্ন স্থানে বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খানের ধানের শীর্ষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন।