নতুন গতিতে চলছে পদ্মা সেতুর কাজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৫

 

গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর পদ্মা সেতুর কাজে নতুন গতি পেয়েছে। এদিকে মাওয়া সেতু এলাকায় ভারি ভারি নির্মাণ কাজের যন্ত্রে ছেয়ে গেছে। চার দিকেই কাজ আর কাজ। ২০ হাজার কর্মী এখানে কাজ করছে।

 

এদিকে রবিবার এক্সপার্ট প্যানেলের দুই বিদেশি মাওয়ায় এসেছে। বাকিরাও আসতে শুরু করেছেন। প্রথম শুরু হওয়া মূল পাইলিংয়ের কাজ এগিয়ে চলছে। ৩ মিটার ব্যাসের ৪শ’ ফুট দীর্ঘ পাইলটির ৪০ ফুট ভেতরে প্রবেশ করেছে। এজন্য জার্মানি তৈরি ২ হাজার ৪শ’ কিলোজুল ক্ষমতার হ্যামারের ৬৪৯টি হাতুড়ি বাড়ি দিতে হয়েছে। একইভাবে রবিবারও চলছে পাইলটির ড্রাইভিং কাজ। পদ্মার মাওয়া প্রান্তে সাত নম্বর পিলারের তিন নম্বর এ পাইলটি স্থাপনে হরদম কাজ চলছে। পাইলিংয়ের মাধ্যমে তৈরি করা হবে সেতুর স্প্যান (পিলার)। পিলারের ওপর বসবে সেতুর স্লাব ও ট্রাস। চীনে স্লাব ও ট্রাস বানানোর কাজ চলছে। পিলার বানানোর কাজ শেষ হলে স্লাব ও ট্রাসজুড়ে দেয়া হবে।

 

এদিকে এ সেতুর কাজ পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের বিশেষঞ্জ দল আসছে। এই বিশেষঞ্জ প্যানেল বৈঠক করবে।

 

নতুন গতি পেয়ে পদ্মা সেতুর কর্মযজ্ঞে দেশি-বিদেশি প্রায় ২০ হাজার কর্মীর নিরন্তর কাজ করছেন। ২০ হাজারের ১৮ হাজার বাংলাদেশি। এর মধ্যে ৫শ’ রয়েছে বিদেশি নারী কর্মী। পালাক্রমে রাতদিন কাজ করে যাচ্ছেন তারা। এই ২০ হাজারের বাইরে নিরাপত্তায় রয়েছে ২ হাজার সেনাসদস্য। এছাড়া পুলিশ ও স্থানীয় প্রশাসনতো রয়েছেই।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তা এবং আত্মবিশ্বাসী বক্তব্য এ পদ্মা সেতুর জন্য আরেকটি মাইলফলক।