ইউনূস সেন্টারের আয়োজনে সোমবার গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে ১৫৪তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। ল্যাবে ছয়টি নতুন সামাজিক ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে চারটি ছিল গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তানদের নবীন উদ্যোক্তা ব্যবসা। এই ব্যবসাগুলো হচ্ছে, সোমা রানী দাসের ‘সোমা ফ্যাশন কথ এন্ড কসমেটিক স্টোর’, মো. আওলাদ হোসেনের ‘আওলাদ লুঙ্গি’, আসমা বেগমের রিসাইক্লিং ব্যবসা ‘জীবন ট্রেডার্স’, এবং বাধন সাহার কার্ডবোর্ড তৈরীর কারখানা ‘বাধন বক্স হাউস’। অন্য দু’টি প্রকল্প হচ্ছে মো. গোলাম মোস্তফার ‘কিশলয় স্কুল’ এবং ‘বাসা’র ‘বাসা মধু প্রক্রিয়াজাতকারী সামাজিক ব্যবসা’।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত দর্শকদের স্বাগত জানিয়ে বলেন , জানুয়ারি ২০১৩-তে ল্যাব শুরু হবার পর থেকে ১৫৩তম ল্যাব পর্যন্ত ২৭২৬টি প্রকল্প ডিজাইন ল্যাবে উপস্থাপিত হয়েছে। এদের মধ্যে ২৭০১টি প্রকল্প বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে, যার অধিকাংশই চালু হয়েছে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পর্যায়ের ১৬৫ জন এই অনুষ্ঠানে অংশ নেন।
ল্যাবের শেষাংশে প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘ফটোপ্রিনিয়ার সোশ্যাল বিজনেস’-এর লোগো উন্মোচন করেন। এই সামাজিক ব্যবসাটি, যা পূর্ববর্তী একটি ডিজাইন ল্যাবে উপস্থাপিত হয়েছিল, গ্রামের তরুণ-তরুণীদের ফটোগ্রাফি-উদ্যোক্তা হতে সহায়তা করতে অল্প খরচে ফটোগ্রাফির উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে বলে ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
