পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ বাঁধের দু’পাশের জায়গা দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের পূর্বাংশের বেড়িবাঁধের দু’ধারের অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকানা যাচাইয়ের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এ, কে, এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা সভায় অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ এবং শূন্যপদে দ্রুত নিয়োগের বিষয়ে জোরালো সুপারিশ করা হয়। এছাড়াও প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে উন্নত, আধুনিক ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বাসস
