চার বছর ধরে রাজধানীর একটি বাড়ির চিলেকোঠায় এক জামায়াত নেতা আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় নাশকতার অভিযোগে ১৩টি মামলা রয়েছে। আত্মগোপন করে থাকা এই বাড়ির মালিক দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক সিব্বির মাহমুদ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, সোমবার সকালে ধানমন্ডির ১৩ নম্বর রোডের ১৯ নম্বর বাসায় পুলিশ অভিযান চালায়।
ধানমন্ডি থানার ওসি বলেন, ছয় তলা বাড়ির চিলেকোঠায় অভিযান চালিয়ে মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলা জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নোয়াখালীর সুধারাম থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে নোয়াখালীর সুধারাম থানায় পাঠিয়ে দেয়া হয়।
