গাইবান্ধায় ইট কুড়াতে গিয়ে মাটি চাপায় নিহত ৩

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২২:০৬

 

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাঙ্গা কালভার্টের ইট কুড়াতে গিয়ে মাটি চাপা পড়ে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালুকমন্দুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার তালুকমন্দুয়া গ্রামের আব্দুস সাত্তার (৬৭), একই গ্রামের নুর আলম মুন্সীর মেয়ে কাকলী খাতুন (১৭) ও হবিবুল্লাপুর গ্রামের জমসের আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।

 

আহত  আরিফ (২০), সেলিনা বেগম (৪৫), মিনারা খাতুন (২০), সোহেল মিয়া (৩০) ও ফুল মিয়াকে (৫০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য ওই এলাকার পুরাতন কালভার্টটি নিলামে বিক্রি করে দেয়া হয়। নিলামের ক্রয়কারী ব্যক্তি কালভার্টটি ভেঙ্গে সোমবার ইট ও রড নিয়ে যান। সোমবার রাতে পরিত্যক্ত ওই কালভার্টের নিচে গ্রামবাসী ইট কুড়াতে আসেন। রাত সাড়ে ৮টার দিকে শাবল দিয়ে মাটিখুড়ে ইট বের করার সময় তারা মাটি চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও ৫ আহত হন।