মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা শেষে ফেরার পথে সাংবাদিককে গুলির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার এক মাসের মাথায় সোমবার রাত ১১টার দিকে রাউজান উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে আবদুল লতিফ ও আবু সালেককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে এরা দু’জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গত ২২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার সময় রাউজানের গহিরা বাজারে মোহনা টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোঁড়া চালায় দুর্বৃত্তরা। এতে স্টাফ রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন। এই ঘটনায় রাউজান থানায় একটি মামলা করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মোহনা টিভির গাড়িতে গুলি করার অভিযোগে আবদুল লতিফ ও আবু সালেককে গ্রেফতার করা হয়েছে।
