আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় রাতের আঁধারে মত্স্য ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। লুট করা মাছ জব্দ করেছে পুলিশ। উপজেলার বাগধা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর ৬০ শতক মত্স্য ঘের ২০০৫ সাল থেকে লিজ নিয়ে চাষ করে আসছেন স্থানীয় কালাম ভাট্টি। লিজ মালিক কালাম জানান, রবিবার গভীর রাতে একই গ্রামের মোক্তার আলী বক্তিয়ারের ছেলে রিয়াজুল বক্তিয়ার ও তোতা বক্তিয়ারের ছেলে মামুন বক্তিয়ারের নেতৃত্বে একটি দল তার চাষ করা মাছের ঘের থেকে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। রাত দেড়টার দিকে তিনি মাছ ধরা টের পেয়ে তাত্ক্ষণিক পুলিশকে জানালে এসআই সুজন হালদার ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রজাতির ৯ বস্তা মাছ উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ ধরা লোকজন পালিয়ে যায়। ঘের মালিক কালাম ভাট্টি অভিযোগে আরও বলেন, দুর্ঘটনার আশঙ্কায় তিনি ২০১৮ সালের ৯ নভেম্বর উল্লিখিতদের নামে থানায় সাধারণ জিডি করেছিলেন।
এসআই সুজন হালদার বলেন, উদ্ধারকৃত ৯ বস্তা মাছ স্থানীয় মেম্বার শাহ আলম বক্তিয়ারের জিম্মায় দিয়ে তা বিক্রি করে অর্থ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন, ওই ঘেরে দুই পক্ষই মাছ ফেলেছে। এক পক্ষ আরেক পক্ষকে না জানিয়ে মাছ ধরার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কালাম ভাট্টি বাদী হয়ে সোমবার দুপুরে অভিযোগ দায়ের করেছেন।
