আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২ মেয়র পদপ্রার্থীকে কারণ দর্শানো নোটিশ ও চার কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ সোমবার রাতে এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, দেওয়ালে পোস্টার লাগানোর কারণে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের একেএম সফি আহমদ সালমান ও বিএনপির কামাল উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে তিন কাউন্সিলর পদপ্রার্থী ৮নং ওয়ার্ডের সেলিম খান, ৩নং ওয়ার্ডের মনজুর আলম চৌধুরী খোকন ও একই ওয়ার্ডের আজিজুর রহমান খোকনকে সাত হাজার টাকা এবং বিনা অনুমতিতে প্রধান সড়কে পথসভা করায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুরাদ আহমদকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান।
