পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করা হচ্ছে।
হামলায় আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিনী সুরাইয়া বেগমসহ বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়।
এদিকে খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় বৈশাখী টিভির আবদুস সালাম আরিফ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মোখলেছুর রহমান, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম, ভোরের আলোর সরোজ আহত হন। সাংবাদিকদের গাড়িও ভাংচুর করা হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিকরা হামলাকারীদের হাত থেকে রক্ষা পান। এর আগে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর কলাপাড়া থানার ওসি আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
অপরদিকে আওয়ামী লীগ দাবি করছে এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল।
