তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার (২৫) ওই গ্রামের রকিব মিয়ার স্ত্রী।
এ ঘটনায় রোজিনার ভাসুরের শ্যালক কামাল মিয়াকে (৩৫) পুলিশ আটক করেছে। কামাল একই গ্রামের গেদু মিয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, কামাল প্রায়ই রোজিনাদের বাড়িতে বেড়াতে আসত। সকালে রোজিনাকে কাপড় ধুয়ে দিতে এবং নাস্তা দিতে বলেন কামাল। কিন্তু রোজিনা তাতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল দা দিয়ে রোজিনাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় রোজিনাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
