‘কঠিন, তবে অসম্ভব নয়’

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:২৫

 স্পোর্টস রিপোর্টার

ওয়েলিংটন টেস্টের সম্ভাব্য ফলাফল হতে পারে দুটি— হয় বাংলাদেশের হার, নয় ড্র। বাংলাদেশ অবশ্যই পরাজয় এড়াতেই চায়। যদিও, এর জন্য আজ পঞ্চম দিন নিজেদের সামর্থ্যের চূড়ান্ত সদ্ব্যবহারই করতে হবে সফরকারীদের।

হাতে সাতটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের চেয়ে এখনো ১৪১ রান পিছিয়ে আছে বাংলাদেশ। এই অবস্থায় ভিনদেশের বিরুদ্ধ কন্ডিশনে বাংলাদেশের সম্ভাবনা আসলে কতটুকু? তামিম ইকবাল মনে করছেন, এই অবস্থায় ম্যাচ বাঁচানো বাংলাদেশের জন্য অবশ্যই অনেক কঠিন। তবে, তিনি বিষয়টাকে অসম্ভব এক লক্ষ্য ভাবতে নারাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘অবশ্যই কঠিন। তবে ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব যেহেতু সাত উইকেট আছে। রিয়াদ ভাই, লিটন ভাই আছে। প্রথম সেশনে যদি উইকেট না হারাই বা বড়জোড় এক উইকেট হারাই। এটা কঠিন, তবে অসম্ভব নয়।’

তামিম মনে করছেন, চতুর্থ দিনে আর একটা কিংবা দুটো উইকেট কম পড়লে ম্যাচে বাংলাদেশের সুযোগ আরো বাড়তো। তিনি বললেন, ‘পঞ্চম দিনে আশা তো সবারই একটাই— ব্যাট করা। যদি আজ অন্তত একটা উইকেট কম পড়ত তাহলে ভালো অবস্থানে থাকতাম ড্র করতে। যেহেতু তিন উইকেট পড়ে গেছে, অনেক দূর যেতে হবে। কঠিন, তবে অসম্ভব নয়।’

চতুর্থ দিন আবারো যেমন ব্যাটিং নিয়ে ধুকেছে বাংলাদেশ, তেমনি বাজে সময় কাটাতে হয়েছে ফিল্ডিংয়েও। যে রস টেলর ডাবল সেঞ্চুরি পেয়ে দিনের সেরা নায়ক বনে গেছেন, তার ইনিংসেও আছে তিনটি লাইফ।

তামিমও ক্যাচ মিসের আক্ষেপে পুড়ছেন। তবে, একই সাথে এটাও মনে করিয়ে দিলেন যে, ম্যাচে ক্যাচ মিস হতেই পারে। তিনি বলেন, ‘এমনই একজনের ক্যাচ মিস করেছি এক ওভারে সে ২০০ মেরে দিছে। ওই সময় যদি ওকে আউট করতে পারতাম বা ২৩ উইকেট ফেলে দিতাম হয়তো আজ আমাদের আরো কম সময় ব্যাটিং করতে হতো। ক্যাচ এমনই জিনিস যে কেউ হাতছাড়া করতে পারে। যারাই হাতছাড়া করেছে তাদের খারাপ লেগেছে। এটা ক্রিকেটের অংশ।’

ওয়েলিংটনের যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা নাকানি-চুবানি খাচ্ছেন সেখানেই আবার ব্ল্যাক ক্যাপরা পাচ্ছেন বিস্তর রান। তামিম অবশ্য বারবারই বললেন যে, এই উইকেটে ব্যাট করা সহজ নয়, ‘এখানে ব্যাটিং করা সহজ নয়। প্রথম ইনিংসে আরো ভালো করার সুযোগ ছিল। আমরা ভালো শুরু পেয়েছিলাম। তবে এখানে বোলারদের অনেক কিছু আছে। উইকেট সেভাবেই তৈরি করা হয়েছে। যদি আমরা টিকে থাকতে পারি।’

বৃষ্টির কারণে পাঁচ দিনের টেস্ট ম্যাচটা কার্যত তিন দিনের ম্যাচে পরিণত হয়েছে। এরপরও যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে হতাশার শেষ থাকবে না ক্রিকেটারদের। তামিম বললেন, ‘খারাপ তো লাগবেই, লুকানোর কিছু নেই। প্রথম দুই দিন খেলা হয়নি, তিন দিনে ফল আমাদের বিপক্ষে অবশ্যই খারাপ লাগবে। যদি বলি, লাগবে না, ভুল বলছি।’