ছিনতাইকারীর ধারাল অস্ত্রের আঘাতে পুলিশ জখম, গ্রেফতার দুই

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:১৫
পাবনার সাঁথিয়ায় উপজেলায় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে পুলিশের এক এএসআই গুরুতর জখম হয়েছেন। আহত এএসআই রফিকুল ইসলাম বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার মামলায় গ্রেফতার দুইজনকে মঙ্গলবার পাবনা আদালতে পাঠানো হয়েছে।
 
থানা পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে উপজেলাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মহিষাকোলা ব্রিজে মোটরসাইকেলে করে টহলরত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তা ছিনতাইকারীদের কবলে পড়েন। মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে এএসআই রফিকুল ইসলাম বাধা দিলে ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার বাম হাতে কোপ দেয়। আহত পুলিশ কর্মকর্তাকে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরপরই টহল দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সিরাজগঞ্জ জেলার তারাশ গ্রামের বিপুকে (২৫) গ্রেফতার করে। বিপুর স্বীকারোক্তি অনুযায়ী শাহজাদপুর থেকে পুলিশ চয়রা গ্রামের দললীনকে (২৫) গ্রেফতার করে।  জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী।’